
ইয়াবা সেবন করতে দেখে ফেলায় এবং চিনতে পারায় রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে একে একে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাসার ছাদ, চিলেকোঠা ও ঘর থেকে রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এরই মধ্যে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্কে মামাতো ভাই ওই দুজনের বাড়িও মাছুয়াপাড়ায়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে পাশের ভবন হয়ে শিক্ষক গণপতির বাড়ির ছাদে ওঠেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে গণপতি ছাদে যান। তিনি ওই দুজনকে দেখে চিনতে পারায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এ সময় ধস্তাধস্তির শব্দ পেয়ে গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মায়ের চিৎকার শুনে পার্থী এগিয়ে গেলে তাঁকেও একইভাবে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, পরিবারের তিনজনকে হত্যার পর একমাত্র জীবিত সদস্য গণপতির ছোট ছেলে প্রিয়মকেও খুনের সিদ্ধান্ত নেয় ওই দুজন। পরে ঘরে ঘুমিয়ে থাকা ১২ বছরের প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয়।

মূলত ইয়াবা সেবনরত অবস্থায় দেখে চিনে ফেলা এবং খুনের পর নিজেদের পরিচয় গোপন রাখতেই এই হত্যাকাণ্ড বলে জানান পুলিশ কমিশনার।
সবাইকে হত্যার পর মুগ্ধ ও সিদ্ধার্থ ওই বাড়িতে অনেকক্ষণ ছিলেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, হত্যার পর গোসল করে ঘরে থাকা খেজুর ও শসা খান ওই দুজন। বাসার ভেতরে ইয়াবা সেবনের আলামতও পাওয়া গেছে। তারা বের হন পরদিন জুমার নামাজের সময় বাইরে মানুষের চলাচল কমে যাওয়ার পর।
এর আগে তারা বাড়ি থেকে স্বর্ণালংকার নেন। হত্যাকাণ্ডকে ডাকাতি হিসেবে দেখাতে বাড়ির জিনিসপত্র এলোমেলো করে রাখেন। এরমধ্যে তাদের দেখানো স্থান থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধারও করা হয়েছে।
আগুনে পোড়ানো একটি স্বর্ণের চুরি থেকে পুলিশ প্রথম ক্লু পায় বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, আমরা একটা চুরি পেয়েছিলাম, যেটা আগুন দিয়ে পরীক্ষা করা হয়েছিল আসল স্বর্ণ কি না। এ থেকে সন্দেহ করা হয়, স্বর্ণের বিষয়ে অভিজ্ঞ কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। সেই অনুমানই পরে সঠিক হয়। গ্রেপ্তার সিদ্ধার্থ নগরের একটি স্বর্ণের দোকানে প্রায় আট বছর ধরে কারিগর।
পুলিশ জানিয়েছে, হত্যার শিকার শিশু প্রিয়ম আসামিদের পূর্বপরিচিত। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে প্রিয়ম খেলাধুলা করত। নিজেদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে শিশুটিকেও হত্যা করা হয়।
পুলিশ কমিশনার বলেন, ‘ছোট ছেলেটাকে মারার কারণ হলো, সিদ্ধার্থের ছোট ভাই অপূর্ব শিশু প্রিয়মের সঙ্গে খেলাধুলা করত। প্রিয়ম খুনিদের চিনত।’
তিনি আরও বলেন, দ্রুত তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। প্রকৃত আসামিরাদের বিচারের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে