সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, বরিশালের রহমতপুর থেকে মহাসড়ক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৮: ৪৯
মানচিত্রে দ্বীপ জেলা ভোলা
মানচিত্রে দ্বীপ জেলা ভোলা

দ্বীপ জেলা ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য বরিশালের রহমতপুর থেকে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা সদর পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বেছে নেওয়া হয়।

নদীবেষ্টিত হওয়ায় ভোলায় চলাচল মূলত নৌপথের ওপর নির্ভর। নতুন সড়ক সংযোগ তৈরি হলে সেই নির্ভরতা কমবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। শিগগির প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

তারা আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতে সময় ও খরচ— দুটিই কমবে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি।

এ সময় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, বরিশালের রহমতপুর থেকে মহাসড়ক