জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ দেশে ১৭ বাংলাদেশি আহত, উদ্বিগ্ন স্বজনেরা

মৃত্যু ৪, দগ্ধ ৩

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২৩: ৪৫
ইরানের ড্রোন ও মিসাইল আঘাত হানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায়। ছবি: এক্স হ্যান্ডেলের

ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসনের পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ৪ দেশে ৪ বাংলাদেশি নিহত ও ১৭ বাংলাদেশি আহত হয়েছেন।

গত ১০ মার্চ বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ সঙ্ঘাতে হতাহত প্রবাসীদের বিষয়ে প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনের তথ্য বলছে, ইরান-ইসরায়েল হামলার ঘটনায় আহত ১৭ জনের মধ্যে সৌদি আরবে ১০, কুয়েতে ৪, বাহরাইনে ২ ও কাতারে ১ জন রয়েছে। এ ছাড়া এই হামলায় এখন পর্যন্ত নিহত ৪ বাংলাদেশির ৩ জনই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। আর ১ জন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে মৃত্যুবরণ করেছেন। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়া ৩ জন হলেন সৌদি আরব প্রবাসী বাচ্চূ মিয়া ও মো: মোশারফ হোসেন এবং সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সালেহ আহম্মেদ আলী। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে মৃত্যুবরণ করেছেন বাহরাইনপ্রবাসী এস এম তারেক।

১৭ জনের মধ্যে ৩ জন দগ্ধ

আহত ১৭ জনের মধ্যে ৩ জন দগ্ধ ব্যক্তি হলেন সৌদি আরবপ্রবাসী আহত মো. আব্দুল্লাহ আল মামুন, বাহরাইনপ্রবাসী মো. কামরুল ইসলাম ও মো. নাজিম উদ্দীন। আব্দুল্লাহ আল মামুনের শরীরের ৭২ শতাংশ দগ্ধ ও পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে। কামরুল ইসলামের বাম হাত কেটে ফেলতে হয়েছে। মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও দগ্ধ হয়েছেন তিনি। বর্তমানে বাহরাইনের কিং হামাদ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন। এ ছাড়া মো. নাজিম উদ্দীনের শরীরেরও বিভিন্ন স্থানে জখম ও দগ্ধ হয়েছে। তবে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

বিকট আওয়াজে সব ধ্বংস

ইরান-ইসরায়েল হামলার ঘটনায় আহত হওয়া দুই জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে স্ট্রিম। এই দুজনের ১ জন হলেন, সৌদি আরবের রিয়াদে আহত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নাদহাইর গ্রামের বাসিন্দা রেজাউল করিম রাব্বী ও বাহরাইনে আহত চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন। এরা দুই জনই বলছেন, শুধু বিকট আওয়াজ শুনতে পান তাঁরা। এরপর শুধ ধ্বংস দেখেছেন।

ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা তুলে ধরে রেজাউল করিম রাব্বী স্ট্রিমকে বলেন, ‘৮ তারিখ রাত ৪টা-সাড়ে ৪টার দিকে আমি ওজু করার জন্য বাইরে গেছিলাম। সেই সময় একটা বিকট আওয়াজ হয়। তখন বাইরে থেকে দেখি আমাদের ক্যাম্পের অনেকগুলা রুম ভাইঙ্গা গেছে, আগুন লাগছে। এরপর কিছু মানুষ রুমের ভিতরে পইড়া ছিল। তাদেরকে টাইনা বাইর করছি। সে সময় আমি পিঠের দিকে সামান্য আঘাতপ্রাপ্ত হই।'

তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্প তো পুইড়া গেছে। সে জন্য আমাদের অন্য জায়গাতে আনছে। মিনিস্ট্রি কলেজের সরকারি একটা ক্যাম্প আছে, ঐ জায়গাতে আনছে। এখানে থাকা-খাওয়ার কোন সমস্যা হচ্ছে না। তবে দূতাবাসের কেউ আমাদের সঙ্গে এখন আর যোগাযোগ করছে না।'

বাহরাইনপ্রবাসী নাজিম উদ্দীন স্ট্রিমকে বলেন, ‘আমার কাজ যখন শেষ, ওই মুহূর্তে আমাদের অঞ্চলে বিকট আকারে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর আমরা ৩ জন শুয়ে পড়ি। শুয়ে পড়ার সাথে সাথে আমাদের শরীরে আগুন ধরে যায়। এরপর আমাদেরকে অন্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়।’

হাসপাতাল থেকে এখন অন্য জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরশু আমাকে রিলিজ দিছে। সেদিন কোম্পানির এক দালানে আমারে আলাদা করে একটা ছোটখাটো রুম দিছে। এখান থেকে চিকিৎসা চলছে।’

উদ্বিগ্ন স্বজনেরা

ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় বাহরাইনে আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাটিআটা গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম। তবে তিনি এখন কেমন আছেন তা সঠিকভাবে জানতে পারছে না তাঁর পরিবার। কামরুল ইসলামের বোন কল্পনা স্ট্রিমকে বলেন, ‘শুধু জানি হাসপাতালে আছে, এর থেকে বেশি কিছু জানিনা। কারণ, আমরা তো পুরাপুরিভাবে কথা বলতে পারি নাই। এখনো অসুস্থ। সে ভালো মতো কথা বলতে পারে নাই, খালি আমরা জিজ্ঞাস করছি কেমন আছো, কইছে যে একটু ভালোই আছি।’

একই উদ্বেবেগের কথা জানিয়ে সৌদি আরবের রিয়াদে আহত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নাদহাইর গ্রামের রেজাউল করিম রাব্বীর পিতা রিয়াজ উদ্দিন স্ট্রিমকে বলেন, ‘শুনেছি শারীরিক অবস্থা এখন ভালোই আছে। ওর পিঠে একটু লাগছিল। হাসপাতাল থেকে আরেক ক্যাম্পে নিয়ে গেছে। ওইখানেই আছে।’

গত ৮ মার্চ সৌদি আরবের রিয়াদে আহত হোন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা জাওকান্দি গ্রামের বাসিন্দা সাকিবুল হাসান। তাঁর পিতা সাহাবুদ্দিন বলেন, ‘আজকেও আমার সঙ্গে কথা হইছে। তার শরীরের অবস্থা এখনো খারাপ। শরীরের বিভিন্ন অংশে ছিলে গেছে। এখন হাসপাতালে নেই, বাসায় চলে আসছে।’

আহতদের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া স্ট্রিমকে বলেন, ‘আমরা ৫টা মাধ্যমে সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের বিষয়ে আবগত থাকছি। একটি ক্রাইসিস ইরান গ্রুপ। এখানে বিভিন্ন আপডেট আসছে। আরেকটি গ্রুপে আমাদের ৪০টা দেশের লেবার উইংরা জড়িত রয়েছে। সেখানে সামান্যতম কোনো ঘটনা ঘটলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানানো হচ্ছে। তৃতীয় আরেকটা গ্রুপে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত আছে। এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল হটলাটাইল এবং ন্যাশনাল হটলাইন নাম্বার আছে। এই ৫টা মাধ্যমে আমরা খবর পাওয়ামাত্রই ব্যবস্থা গ্রহণ করছি।’

সম্পর্কিত