রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপিতে আলোচনা হয়নি, গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছে না দল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। ছবি গ্রাফিক

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সম্ভাবনা ও নতুন নিয়োগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের ভাষ্য, এ বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান এবং নজরুল ইসলাম খানের নাম আলোচনায় আসে। সর্বশেষ নতুন করে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগে থাকা একজন জ্যেষ্ঠ আমলার নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, এসব আলোচনা মূলত রাজনৈতিক মহল ও গণমাধ্যমকেন্দ্রিক; দলীয়ভাবে কোনো নাম নিয়ে আলোচনা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান স্ট্রিমকে বলেন, ‘না, দলের পক্ষ থেকে এখনও আমরা কিছু বলতে পারছি না। কারণ এ ধরনের বিষয় হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হয়। এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, অর্থাৎ স্থায়ী কমিটিতে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কোথাও হয়ে থাকে, সেটা আমার জানা নেই। তবে আমার মনে হয় না এখন এসব বিষয় নিয়ে খুব একটা আলোচনা চলছে। আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম, তাই সবকিছু সম্পর্কে পুরোপুরি অবগত নই।’

নেতারা আরও বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদে কোনো পরিবর্তনের বাস্তব পরিস্থিতি তৈরি হলে এবং রাজনৈতিকভাবে প্রয়োজন দেখা দিলে দল তখন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে। এর আগে বিভিন্ন ব্যক্তির নাম ঘিরে যে গুঞ্জন চলছে, সেটিকে তারা কেবল রাজনৈতিক জল্পনা-কল্পনা হিসেবেই দেখছেন।

স্থায়ী কমিটির আরেক সদস্য এবং রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় থাকা ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এদিকে সচিবালয়ে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির আরেক নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব’।

Ad 300x250

সম্পর্কিত