‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে চায় ভারত’
স্ট্রিম সংবাদদাতাদিনাজপুর

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ভারতের চেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আমদানি-রপ্তানিকারকদের উদ্দেশে তিনি বলেন, “দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবে।”
এর আগে হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারতীয় সহকারী হাইকমিশনার।
মতবিনিময় সভায় বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, হাকিমপুর থানার ওসি জাকির হোসেনসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
.png)






