৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২০: ৪৮
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত

৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলামসহ কয়েকজন আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলামসহ ২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, নজরুল ইসলাম মজুমদার নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে ঋণ অনুমোদন করেন। ওই ঋণের মাধ্যমে মোট ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ ও বোর্ড মেমোর অপব্যবহার করে ঋণ অনুমোদন এবং পরে অর্থ আত্মসাতে সক্রিয় ভূমিকা রাখেন। তারা ঋণপ্রস্তাব যাচাই-বাছাই না করে, জামানতবিহীন অবস্থায় ও নিয়ম উপেক্ষা করে এই অর্থ ছাড় করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত