রাহুল গান্ধীর ৬ ঘণ্টার ধর্নায় মামলা নিল পুলিশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২০: ০৫
দিল্লি পুলিশ মামলা নথিভুক্ত করার পর এজাহারের (এফআইআর) কপি দেখাচ্ছেন রাহুল গান্ধী ও ভুক্তভোগী সাহিল লোচাব। এক্স থেকে নেওয়া ছবি
দিল্লি পুলিশ মামলা নথিভুক্ত করার পর এজাহারের (এফআইআর) কপি দেখাচ্ছেন রাহুল গান্ধী ও ভুক্তভোগী সাহিল লোচাব। এক্স থেকে নেওয়া ছবি

মামলা নথিভুক্ত করায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা ধর্না প্রত্যাহার করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ মিছিলে পেলেট বন্দুকের ছররা গুলিতে ১৯ বছর বয়সী আন্দোলনকারী সাহিল লোচাব আহত হন। আহত শিক্ষার্থীর মামলা নিতে পুলিশ অস্বীকৃতি জানালে শুক্রবার (২১ আগস্ট) পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় বসেন ভুক্তভোগী সাহিল ও রাহুল গান্ধী। পরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও তাঁদের সঙ্গে এই অবস্থানে যোগ দেন।

কংগ্রেস সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট সাহিল ও তাঁর আইনজীবীরা দিল্লি পুলিশের কাছে ৭ পৃষ্ঠার লিখিত অভিযোগ জমা দিলেও পুলিশ কোনো রসিদ বা আইও নম্বর দেয়নি। পরে ১৭ আগস্ট ইমেইল ও ফোনে বারবার যোগাযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো অগ্রগতি জানায়নি। এফআইআর নিতে পুলিশের এই অনীহাকে ‘সংবিধানকে পদদলিত করা' বলে অভিহিত করেন রাহুল গান্ধী।

সাংবাদিকদের সামনে রক্তে ভেজা পেলেট প্রদর্শন করে রাহুল দাবি করেন, সাহিলের শরীরে দুই শতাধিক পেলেট ঢুকে রয়েছে। এর মধ্যে ৩টি ছররা গুলি তাঁর চোখে লাগে এবং কয়েকটি হৃৎপিণ্ডের খুব কাছে থাকায় তা অস্ত্রোপচার করে বের করা সম্ভব হয়নি।

দিল্লি পুলিশ পেলেট গান চালানোর কথা অস্বীকার করলে রাহুল প্রশ্ন তোলেন, ‘পুলিশ যদি গুলি না চালিয়ে থাকে, তবে নিশ্চিতভাবেই অন্য কেউ এই পেলেটগুলো চালিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে রাহুল বলেন, ‘শাহজি, আপনি বিচারকে এত ভয় পাচ্ছেন কেন? এই ভয়ই প্রমাণ করে, আপনারা অপরাধ স্বীকার করছেন।’ তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী সাহিল লোচাব জানান, ২০ জুলাই পেলেট গানের আঘাতে আহত হওয়ার পর প্রথমে তাঁকে লেডি হার্ডিঞ্জ হাসপাতালে এবং পরে এইমসে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হলেও দৃষ্টিশক্তি এখনো স্পষ্ট হয়নি।

তথ্যসূত্র: দ্য হিঁদু

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাহুল গান্ধীর ৬ ঘণ্টার ধর্নায় মামলা নিল পুলিশ