নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে চিকিৎসাধীন ছাত্রদল নেতার মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নরসিংদী

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৬: ৫২
নরসিংদীর পলাশে প্রতিপক্ষের গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। স্ট্রিম গ্রাফিকস

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের উত্তেজনা তৈরি হয়েছে।

ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

এর আগে ১ আগস্ট রাতে ডাঙ্গার হাসনহাটা গ্রামে প্রতিপক্ষের হামলার সময় গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। এছাড়া গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন। এ ঘটনায় ৪ আগস্ট রাতে গুলিবিদ্ধ মাসুমের ভগিনীপতি হাসান মো. মহসিন বাদী হয়ে পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার কেন্দ্র করে ইউনিয়নের ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ চলছিল। গত ১ আগস্ট রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ কয়েকজন। পরে বিজয়, সবজু, ইকবাল ও সানিসহ কয়েকজন আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হন সাবেক ছাত্রদল নেতা মাসুম।

এ সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ ১০ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, সাবেক ছাত্রদল নেতা মাসুমের ভগ্নিপতির করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। এতে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত