তেল-গ্যাস সংকটেও কলকারখানা চালু রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে: মাহদী আমিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিলসের সিম্পোজিয়ামে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত
বিলসের সিম্পোজিয়ামে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ: সকলের জন্য মর্যাদাপূর্ণ কাজ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক অর্থনীতি ও সাম্প্রতিক জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা সফল হচ্ছে। বন্ধ কারখানা চালু, উৎপাদন অব্যাহত রাখা এবং বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিল্পকারখানার উৎপাদনশীলতা বজায় রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান-বিষয়ক উপদেষ্টা বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যাতে কলকারখানা বন্ধ না হয় সেজন্য মালিক-শ্রমিকের সুসম্পর্ক ও স্থিতিশীল শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শিল্প সচল রাখা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেবে।

শ্রম আইনের জটিলতা দূর করার কাজও চলছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সরকারের অন্যতম লক্ষ্য। ‘ফ্যামিলি কার্ড স্কিম’ ও কর্মক্ষেত্রে ডে-কেয়ার সুবিধার মতো উদ্যোগের মাধ্যমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানো হচ্ছে। সরকারের পদক্ষেপে গত দুই ঈদে শ্রমিকদের পাওনা ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিলসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়া, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত