এমবাপ্পের পেনাল্টি মিসে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

এমবাপ্পের পেনাল্টি মিসে বেটিসের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। ছবি: সংগৃহীত
এমবাপ্পের পেনাল্টি মিসে বেটিসের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। ছবি: সংগৃহীত

ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।

প্রথমার্ধে সেভিয়ার লা কার্তুহায় ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে রিয়াল। বল দখলে এগিয়ে থেকে একের পর এক আক্রমণও তৈরি করে। কিন্তু গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়ররা। প্রথমার্ধে রিয়ালের সামনে কয়েকটি ভালো সুযোগ আসে। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ান বেটিস গোলরক্ষক ভায়েস।

বিরতির পরও চিত্রটা খুব বদলায়নি। রিয়াল একের পর এক আক্রমণ চালাতে থাকে। বেটিস সেগুলো সামলাতে থাকে। গোলের জন্য মরিনহো একের পর এক পরিবর্তন আনেন। কিন্তু ম্যাচের ৮১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।

৬৭ মিনিটে কর্নার থেকে বেটিসের কলম্বিয়ান ডিফেন্ডার নেলসন ডিওসারের হেড ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু ফিরতি বলটি সামনে পেয়ে বদলি হিসেবে নামা আইরিশ স্ট্রাইকার ট্রয় পারট বল জালে পাঠান। এতে ১–০ গোলে এগিয়ে যায় বেটিস।

এরপর রিয়ালের আক্রমণ আরও তীব্র হয়। ৮৯ মিনিটে মাদ্রিদের নতুন স্ট্রাইকার কার্লোস এস্পি দুর্দান্ত এক কিকে বল জালে পাঠিয়ে দলকে ১-১ সমতার উল্লাসে ভাসান। তবে ভিএআর পরবর্তীতে গোলটি বাতিল করলে আবার সেই ১-০ তে পিছিয়ে থাকে মাদ্রিদ। শেষ মুহূর্তে আবার সুযোগ আসে রিয়ালের সামনে। যোগ করা সময়ে ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু স্পটকিকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে মৌসুমের প্রথম হারের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ।

ম্যাচের পর হতাশা লুকাতে পারেননি মরিনহো। তাঁর অধীনে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা হয়েছিল টানা তিন জয়ে। চতুর্থ ম্যাচে এসে বেটিসে আটকে গেল তারা। চার ম্যাচ শেষে রিয়াল এবং বেটিস- দুই দলেরই পয়েন্ট ৯।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত