জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়: ডা. জাহেদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১৯: ১৫
মতবিনিময় সভায় ডা. জাহেদ উর রহমান। স্ট্রিম ছবি

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘দেশের মানুষ যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের দুর্ভোগ সত্য। তবে এর জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানের জ্বালানি সংকটের পেছনে দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। মহেশখালীর ভাসমান টার্মিনালে সাম্প্রতিক দুর্ঘটনার কারণে সংকট আরও প্রকট হয়েছে। টার্মিনাল দুটি সম্পূর্ণ সক্ষমতায় চালু হলেও দেশের গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি থেকে যাবে। এই সমস্যা এক বছরের বা স্বল্প সময়ের নয়, বছরের পর বছর ধরে তৈরি হয়েছে।’

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুত সমাধানের জন্য একটি রিগ্যাসিফিকেশন টার্মিনালের অর্ডার দেওয়া হয়েছে। ব্যাকআপ হিসেবে আরও দুটি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব ব্যবস্থা বাস্তবায়নেও কিছুটা সময় লাগবে।’

গ্যাস সংকট থেকে উত্তরণে সরকারের পদক্ষেপের বিষয়ে ডা. জাহেদ জানান, ভোলায় থাকা গ্যাস মূল ভূখণ্ডে আনার জন্য কী কী করা যায়, তা নিয়ে কাজ চলছে। পাশাপাশি এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যমেয়াদে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। সরকারের কাছে থাকা তথ্য ও জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দেশের স্থলভাগে প্রায় ৪০ থেকে ৫০ লাখ কোটি ঘনফুট উত্তোলন উপযোগী গ্যাসের মজুত রয়েছে।

তিনি বলেন, ‘স্থলভাগের সম্ভাব্য গ্যাসের মজুত অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে নতুন দুটি রিগ কেনা হয়েছে। বিদ্যমান রিগগুলো সক্রিয় রাখার চেষ্টা চলছে। কয়লা নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এসব উদ্যোগের ফল পেতে সময় লাগবে। অর্থমন্ত্রী একটি মোটামুটি সময়সীমা দিয়েছেন। অন্তত দুই বছর লাগবে জ্বালানির ক্ষেত্রে ভালো অথবা অনেকটা ভালো অবস্থায় যেতে।’

বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সেটি স্বাভাবিক। তবে তাদেরও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে। অপ্রয়োজনে বা অযৌক্তিকভাবে জনগণের সঙ্গে থাকার নামে সরকারের ওপর চাপ তৈরি করতে গিয়ে যদি জনদুর্ভোগ সৃষ্টি হয়, তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়: ডা. জাহেদ