বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি: সেই সিফাতের জামিন নামঞ্জুর
স্ট্রিম সংবাদদাতাগাজীপুর

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে জামিন দেননি আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিফাতের জামিন নামঞ্জুর করেন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাতকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দার আলীর ছেলে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, ‘সিফাতকে আটকের পর পুলিশের বক্তব্য ছিল, সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য-গালাগাল করার জন্য তাকে আটক করা হয়েছে। অথচ এখন ৪ জুনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাত আবদুল্লাহর কোনো সম্পর্ক নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানি করা। একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হয়েছে।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকের সিদ্দিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, সভা করার মদদদাতা। পুলিশ তার বিষয়ে তদন্ত করে এগুলোর প্রমাণ পেয়েছে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে।
.png)







