রাজশাহীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আহত আরেক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫১
রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। স্ট্রিম গ্রাফিকস
রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। স্ট্রিম গ্রাফিকস

রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়েছেন গ্রামবাসী। এ ঘটনায় শিমুল হোসেন (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত শমজান আলী (৪০) নামের আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক ইয়ার আলী বাদী হয়ে চুরির অভিযোগে থানায় লিখিত দিয়েছেন। তবে নিহত শিমুলের পরিবার আজ দুপুর পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি বলে জানান বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল।

নিহত শিমুল হোসেন জোতকাদিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত শমজান আলী একই গ্রামের নবীন শাহের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার জোতকাদিরপুর স্কুল সংলগ্ন ইয়ার আলীর বাড়িতে কয়েকজন ঢোকেন। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে শিমুল ও শমজানকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। সকালে তাদের দফায় দফায় মারধর করা হয়।

এতে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিমুল হোসেনকে মৃত ঘোষণা করেন। শমজান আলীর অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ লিটন বলেন, ‘তারা মাদকাসক্ত। এলাকায় কোনো কাজ করে না। রোববার রাতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে শিমুলের মৃত্যু হয়েছে।’

পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, শিমুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত