রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, আহত ৩৫

রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে জাকির হোসেন নামের এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে আরেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

গত ২৫ আগস্ট (মঙ্গলবার) আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিনোপেক গ্যাস ফিল্ডের প্ল্যান্ট ৪ ও ১০-এ গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোর বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জাকির হোসেনের মরদেহ উদ্ধার হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় নিখোঁজ রাজু মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। হাসপাতালে রাখা মরদেহের মধ্যে নিখোঁজ রাজু থাকতে পারেন বলে ধারণা করছে দূতাবাস।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি।
দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এই বিস্ফোরণে প্রায় ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে ভ্লাদিভোস্তকের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য মস্কোতে নেওয়া হচ্ছে। আহত ছয় কর্মী বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য ও সহায়তায় দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্যের জন্য +৭৯১৬২৩২৩০১৫ (মস্কোয় বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি) ও +৭৯৮৯১১৩৯১৬৯ (মস্কোয় বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ফার্স্ট সেক্রেটারি) নম্বরে যোগাযোগ করা যাবে।

আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা নিশ্চিতে রুশ কর্তৃপক্ষ এবং এলএনজি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত