এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৫: ৩৯
মৌলভীবাজারে এনসিপির সংঘর্ষ। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে এনসিপির সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রেপ্তার হয়েছেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত এনসিপি নেতা ও জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তামিম আহমদের কাছে চাঁদা দাবি করেন। বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় পৌঁছালে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালান।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। দলীয়ভাবে তদন্ত করে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত