ডিজিটাইজেশনের পাশাপাশি নাগরিকের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ সিপিডির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৮: ৩০
সিপিডি আয়োজিত ই-গভর্ন্যান্স: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সংলাপ। সংগৃহীত ছবি
সিপিডি আয়োজিত ই-গভর্ন্যান্স: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সংলাপ। সংগৃহীত ছবি

ই-গভর্ন্যান্সকে আরও কার্যকর, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এর মাধ্যমে নাগরিকের সরাসরি অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সোমবার(৩১ আগস্ট) রাজধানীতে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ই-গভর্ন্যান্স: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সংলাপে এ কথা বলা হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল ব্যবস্থা চালু হলে তথ্য ও সেবা পেতে মানুষের ভোগান্তি কমবে। প্রতিবন্ধী ব্যক্তি, জাতিগত সংখ্যালঘু, নিম্ন আয়ের পরিবার, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ও সীমিত শিক্ষার মানুষ যাতে ডিজিটাল সেবা থেকে বাদ না পড়েন, সেই ব্যবস্থা করতে হবে। এসব জনগোষ্ঠীর জন্য বাংলা ও প্রয়োজনীয় স্থানীয় ভাষায় সেবা, কণ্ঠনির্ভর ব্যবস্থা, প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সহায়তার সুযোগ তৈরি করা প্রয়োজন।

সংলাপে আইসোশ্যালের চেয়ারম্যান ড. অনন্য রায়হান বলেন, ই-গভর্ন্যান্স, ই-গভর্নমেন্ট ও ডিজিটাল সরকারি সেবা—এই তিনটি ধারণাকে আলাদাভাবে দেখা প্রয়োজন। তার মতে, নাগরিকের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় মানবকেন্দ্রিক সেবা নকশা করা জরুরি। সবাইকে বাধ্যতামূলকভাবে পুরোপুরি ডিজিটাল সেবার আওতায় আনার প্রয়োজন নেই; অনলাইন, সরাসরি ও মিশ্র—সব ধরনের সেবার সুযোগ রাখা উচিত।

সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দুর্বল রেখে শুধু ই-সেবার মাধ্যমে জনগণকে সামগ্রিকভাবে উন্নত সেবা দেওয়া সম্ভব নয়। ই-সেবা সেবা দেওয়ার একটি মাধ্যম, এটি স্থানীয় সরকারের বিকল্প নয়। তার ভাষায়, “দুর্বল স্থানীয় সরকারকে প্রযুক্তি দিয়ে ঢেকে রাখা যায়, প্রতিস্থাপন করা যায় না।”

সাবেক বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, ই-গভর্ন্যান্সের সুফল সবার কাছে পৌঁছাতে ভৌগোলিক ডিজিটাল বৈষম্য ও ডিজিটাল দক্ষতার ঘাটতি কমাতে হবে।

সংলাপে এক দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিনিধি বলেন, প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তির ঘাটতির কারণে অনেক প্রতিবন্ধী ব্যক্তি স্বাধীনভাবে সরকারি ডিজিটাল সেবা নিতে পারছেন না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত