জর্ডানের মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

লারাক দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: সংগৃহীত
লারাক দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের রকেট আক্রমণের জবাবে জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক অভিযান স্থগিত করার পর ইরানে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।। খবর বিবিসি

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স বিবিসিকে জানান, হরমুজ প্রণালিতে ইরান রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় লারাক দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার (উৎক্ষেপণ ব্যবস্থা) লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলা চালানো হয়। এতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

হামলার প্রতিক্রিয়া আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল করছে। এ জন্য তাদের অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চড়া মূল্য দিতে হবে।

হামলার কয়েক ঘণ্টা পর আইআরজিসি জানায়, জর্ডানে কিং হুসেইন ও আল-আজরাক মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তাদের ভাষ্য, ‘কারিগরি অবকাঠামো, রক্ষণাবেক্ষণ স্থাপনা ও শত্রুর যুদ্ধবিমানের অবস্থান’ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

আইআরজিসির বিবৃতির পর জর্ডানের সেনাবাহিনী জানায়, তারা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় ইরানের পাতা সব মাইন নিষ্ক্রিয় বা সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে সেটি ধ্বংস করারও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি।

ইরানের গুরুত্বপূর্ণ বন্দর ‘বন্দর আব্বাসের’ অদূরে লারাক দ্বীপ। দ্বীপটি হরমুজ প্রণালির কাছেই। বৈশ্বিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ। বর্তমানে ট্যাংকার চলাচলের জন্য ইরান এই দ্বীপের পাশের পথ ব্যবহার করছে। সেখানে জাহাজগুলো তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া প্রণালি পার হতে জাহাজগুলোকে ২০ লাখ ডলার দিতে বাধ্য করা হচ্ছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করে। জবাবে ইরান ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও উপসাগরীয় মিত্রদেশগুলোর ওপর হামলা চালায়। একই সঙ্গে সামুদ্রিক যান চলাচলের জন্য কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তারা। ইরান যুদ্ধ এখন ছয় মাস পেরিয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত