ম্যাগসাইসাই পেলেন বাংলাদেশি, কে এই রুনা খান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সামাজিক উদ্যোক্তা ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। সংগৃহীত ছবি
সামাজিক উদ্যোক্তা ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। সংগৃহীত ছবি

এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬ পেয়েছেন বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিজয়ীদের নাম ঘোষণা করে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, স্থায়ী নেতৃত্বের মূল্যবোধের স্বীকৃতি হিসেবে রুনা খান নির্বাচিত হয়েছেন। অন্যের সেবায় আত্মনিয়োগ, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য সুযোগ তৈরি এবং মানুষকে স্বাবলম্বী করতে সহায়তা করার কারণেই এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

এর মধ্য দিয়ে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের সূচনা হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের এই সম্মাননা স্মারক দেওয়া হবে।

রুনা খান একজন বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তাঁর প্রতিষ্ঠিত ফ্রেন্ডশিপ মূলত ‘সংহত উন্নয়ন’ (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট) মডেলের ভিত্তিতে কাজ করে। এই মডেলের আওতায় স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশসহ নানামুখী সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

বড় নৌকা দিয়ে ভাসমান হাসপাতাল তৈরি করে চরাঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দিয়ে দেশে-বিদেশে ব্যাপক পরিচিতি পায় ফ্রেন্ডশিপ। এর আগে কাজের স্বীকৃতি হিসেবে রুনা খান ২০০৬ সালে ‘রোলেক্স অ্যাওয়ার্ডস ফর এন্টারপ্রাইজ’ সম্মাননা অর্জন করেছিলেন।

বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ফিলিপাইনের প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মৃতি রক্ষার্থে কাজ করে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ১৯৫৮ সাল থেকে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করছে ফাউন্ডেশনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা-সাহিত্য ও সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব—এই ছয় শ্রেণিতে পুরস্কার দেওয়া হতো।

তবে ২০০৯ সাল থেকে কোনো নির্দিষ্ট শ্রেণি না রেখে সামগ্রিক অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত