
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যার ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার এই মর্মান্তিক ঘটনায় দেশবাসী মর্মাহত। অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার হয়। পরের ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন সব আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। আগে তিনজন এবং আজ একজনকে নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা অপরাধ স্বীকার করেছে।
গ্রেপ্তারদের বয়স ও পারিবারিক সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে ১৮ বছরের কম বয়সীও আছে। বয়সের তথ্যের জন্য এনআইডি যাচাই হচ্ছে। আসামিরা অপ্রতিমের চেয়ে বয়সে ৫ থেকে ১০ বছরের বড়। তাদের সঙ্গে অপ্রতিমের ওঠাবসা, বন্ধুত্ব ও নিয়মিত আড্ডা ছিল।’
তিনি জানান, যে মুঠোফোন নিয়ে ঘটনার সূত্রপাত, সেটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশ মামলার সমস্ত আলামত জব্দ করেছে। পুলিশ এখন পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার দ্রুত তদন্তের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফরেনসিক অ্যানালাইসিস এবং ময়নাতদন্ত শেষে আজ অপ্রতিমের দাফন হয়েছে। চেষ্টা থাকবে দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার।’
সাইবার অপরাধের বর্তমান প্রবণতা তুলে ধরে তিনি বলেন, সাইবার স্পেসের বেশিরভাগ অপরাধের সঙ্গে মাদক, জুয়া কিংবা পর্নোগ্রাফি জড়িত থাকে। সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে সামাজিক দায়বদ্ধতা থেকে সচেতনতামূলক কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল এক্সেসরিজের ব্যবসা করেন।
.png)








