পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার কথা জানালেন সার্জিও গর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০: ০৭
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে ‘অনেক ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সার্জিও গর বলেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

তিন দিনের সফরে গর বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। তিনি যেতে পারেন রোহিঙ্গা শিবিরেও। গত সেপ্টেম্বর থেকে তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন।

গত বছর সার্জিও গরকে ভারতে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণার সময় তাকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ছয়টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন সার্জিও গর।

Ad 300x250

সম্পর্কিত