কুড়িগ্রামে এনসিপির সহযোগী সংগঠনের মিছিলে হামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুড়িগ্রাম

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০: ০৪
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্র ও যুবশক্তির মিছিলে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

হামলায় আহত নেতাকর্মীরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া অভিযোগ করে বলেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে এনসিপির নেতাকর্মীদের ওপর পূর্ববর্তী হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তাঁরা। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। হামলায় ছাত্র ও যুবশক্তির অন্তত ২০ নেতাকর্মী আহত হন। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল জানান, এনসিপির মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। তিনি দাবি করেন, অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের মমিনুল ইসলাম নামের কর্মী বাড়ি যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন।

মান্নান মুকুল আরও জানান, ওই ঘটনাকে কেন্দ্র করেই পরে ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই ছাত্রলীগের কর্মীরা এনসিপির ব্যানারে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা হবে।

Ad 300x250

সম্পর্কিত