তীব্র তাপদাহে বড় ঝুঁকিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অর্থনীতি: বিশ্বব্যাংক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২৩: ৫২
বিশ্বব্যাংক। ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অর্থনীতি, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতি বছর চরম তাপদাহের কারণে দক্ষিণ এশিয়ায় প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলের অর্থনীতি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্বব্যাংক প্রকাশিত ‘এ লিভেবল ফিউচার: প্রটেক্টিং জবস অ্যান্ড গ্রোথ ফ্রম এক্সট্রিম হিট ইন সাউথ এশিয়ার সিটিজ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় আরও ২৮ কোটি মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করবে। কিন্তু ক্রমবর্ধমান তাপমাত্রা কর্মসংস্থান সৃষ্টি, শ্রম উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বড় বাধা হয়ে উঠছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় প্রায় ৫২ কোটি মানুষ প্রতিবছর অন্তত এক মাস বিপজ্জনক মাত্রার তাপপ্রবাহের মুখোমুখি হবে। এটি বর্তমানের তুলনায় প্রায় চার গুণ বেশি।

বিশ্বব্যাংক বলছে, চরম তাপদাহ ইতোমধ্যেই শ্রম উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে, ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করছে এবং শহরগুলোর প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করছে। একই সঙ্গে স্বাস্থ্যব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চাপ বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের পরিবার, অনানুষ্ঠানিক খাতের শ্রমিক, নারী, প্রবীণ এবং শিশুরা।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বলেন, দক্ষিণ এশিয়ার শহরগুলো কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তাই তাপসহনশীল শহর গড়ে তোলা শুধু মানুষের জীবন রক্ষার জন্য নয়, কর্মসংস্থান, উৎপাদনশীলতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্যও অপরিহার্য।

বিশ্বব্যাংক তাপসহনশীল অবকাঠামো নির্মাণ, হিট অ্যাকশন প্ল্যান জোরদার, ঝুঁকিপূর্ণ শ্রমিকদের সুরক্ষা, টেকসই শীতলীকরণ ব্যবস্থা সম্প্রসারণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে।

তবে এসব উদ্যোগ বড় পরিসরে বাস্তবায়নে শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর সমন্বয় এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। বিশ্বব্যাংকের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ক্রমবর্ধমান তাপমাত্রা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ওপর আরও বড় চাপ সৃষ্টি করবে।

Ad 300x250

সম্পর্কিত