আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
স্ট্রিম সংবাদদাতাসিরাজগঞ্জ

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কটূক্তি করার অভিযোগে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মামলা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। বিচারক সুমন কুমার কর্মকার শুনানি শেষে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবীর কর্ণেল ও এপিপি ইন্দ্রজিত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে এপিপি হামিদুল ইসলাম দুলাল জানান, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগের আলোচনায় আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ অভিহিত করেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মন্ত্রীর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বক্তব্যটিকে মানহানিকর দাবি করে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ ও দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
.png)






