বিসিবির নির্বাচিত কমিটি ভাঙা নিয়ে প্রশ্ন জামায়াতের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৮: ৩২
জামায়াতে ইসলামী লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটি এ ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ‘সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে দলীয় লোকদের সমন্বয়ে’ অ্যাডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। এটা গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থি। একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে প্রভাব খাটিয়ে দলীয় লোকদের দিয়ে অ্যাডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করে।

অবিলম্বে অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান দেখানো এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান এহসানুল মাহবুব জুবায়ের।

Ad 300x250

সম্পর্কিত