আদালত চত্বরে পুলিশের সামনে আসামিকে মারধর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

আদালত প্রাঙ্গণে আসামিকে মারধর। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত চত্বরে হত্যা মামলার আসামিকে পুলিশের সামনেই মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রিমান্ড শুনানির জন্য তাঁকে কোর্ট হাজত থেকে এজলাসে নেওয়ার পথে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, ফতুল্লার চাঁদমারী এলাকার ডিশ ব্যবসায়ী নাছির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়। তাঁকে হাজত থেকে এজলাসে নেওয়ার সময় নাছিরের অনুসারীরা হামলা চালায়।

একপর্যায়ে শরীফ আদালতের দরজার সামনে পড়ে গেলে, তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এরপর কড়া নিরাপত্তায় শুনানি শেষে শরীফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৭ জুন শরীফ আদালতে আত্মসমর্পণ করেন। তখন থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

গত ১৪ মে ফতুল্লার চাঁদমারী মাউরাপট্টি এলাকায় নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে শরীফকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত