জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ভোটের লাইনে শতবর্ষী ধর্মরাজ দে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

বাঁশখালীর বানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শতবর্ষী ধর্মরাজ দে। স্ট্রিম ছবি

সকাল সাড়ে ১০টা। চট্টগ্রামের বাঁশখালীর বানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধীরে ধীরে ভিড় বাড়ছে। এর মধ্যেই এক পাশে দেখা গেল, কাঁপা পায়ে এগিয়ে আসছেন এক প্রবীণ ভোটার। তাঁর হাত ধরে আছেন প্রতিবেশী করুণ দে। এই ভোটানের নাম ধর্মরাজ দে। প্রতিবেশী জানান, তাঁর বয়স ১১৫ বছর।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী বয়স শত বছরেরও বেশি। তবু গণতান্ত্রিক অধিকার প্রয়োগে পিছিয়ে থাকেননি তিনি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে হাজির হন ধর্মরাজ দে।

ধর্মরাজ দের বাবার নাম ধনরাজ দে। চার সন্তানের জনক তিনি। তবে জীবনের পথে একে একে হারিয়েছেন স্ত্রী ও তিন সন্তানকে। বর্তমানে পঞ্চাশ বছর বয়সী এক ছেলের সঙ্গে থাকেন। দিনমজুরি ছেলেই চালান সংসার।

ধর্মরাজ দে নিজেও ছিলেন দিনমজুর। কখনো গাছ কেটেছেন, কখনো খেটেছেন অন্যের জমিতে। পরিশ্রম করেই কেটেছে তাঁর জীবনের বড় একটি অংশ। এখন বয়সের ভারে নুয়ে পড়লেও চলাফেরায় পুরোপুরি পরনির্ভরশীল নন।

তাঁকে ভোটকেন্দ্রে নিয়ে আসা প্রতিবেশী করুণ দে স্ট্রিমকে বলেন, ‘উনি এখন খুব কম শোনেন। কথা বলতেও কষ্ট হয়। তবে নিজের মতো করে হাঁটাচলা করতে পারেন। ভোট দেওয়ার ইচ্ছা থেকেই আজ এসেছেন।’

বানীগ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধর্মরাজ দে ভোট দিয়ে বেরিয়ে এসে সহজ ভাষায় বলেন, ‘ভোট দিছি। কেউ কিছু বলে নাই আমারে। আমার মতো দিছি।’

Ad 300x250

সম্পর্কিত