তথ্যমন্ত্রী পার্থ চাইলেন দোয়া, অন্যরা দিলেন কাজের পরিকল্পনা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৬: ৩৪
স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
স্মৃতিসৌধে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সবার কাছে দোয়া চাই, যাতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ বিষয়ে পার্থ বলেন, আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। রোববার থেকে অফিস করব। সেখানে গেলে বুঝতে পারব মন্ত্রণালয়ের কাজের পরিধি কত বড় এবং বাস্তবে কী কী সমস্যা আসে। আমার বিশ্বাস, আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারব।

দেশকে নতুন করে গড়ে তুলব: মঈন খান

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, দেশের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে দেশের হাল ধরেছেন। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারের পর বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, মন্ত্রিসভা ছয় মাস আগে গঠন করেছিলেন প্রধানমন্ত্রী। এখন স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি মন্ত্রিসভায় সদস্য সংযোজন করলেন। বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে ওয়াকিবহাল, এগুলো সমাধান করে তিনি বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করবেন।

মঈন খান আরও বলেন, আমরা ২০২৬ সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে নতুন করে গড়ে তুলব।

পর্যটনের বিস্তারে কাজ করতে চাই: মিল্লাত

শ্রদ্ধা জানাতে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রীর ডায়নামিক চিন্তার কাজগুলো শেষ করে পর্যটনের বিস্তার করতে চাই।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। ছবি: সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি দরকার, সেটি আমরা করার চেষ্টা করব।

এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

স্মৃতিসৌধে ‘উদয়পদ্ম’ রোপণ রাষ্ট্রপতির

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদনের আগে স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে বিজয়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু হলো মির্জা ফখরুলের।

স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সকালে স্মৃতিসৌধ এলাকায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

তথ্যমন্ত্রী পার্থ চাইলেন দোয়া, অন্যরা দিলেন কাজের পরিকল্পনা