নতুন মুখ আসায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত
মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ লক্ষ্যে বঙ্গভবনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই তিনি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথপাঠ করান। মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন।

ছয়জনের শপথের পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে নিজের উপদেষ্টা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হতে পারে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে গত ১ জুন পদত্যাগ করেন দীপেন দেওয়ান। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

সূত্র জানায়, হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে। এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হুমায়ুনকে প্রতিমন্ত্রী করা হলে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামা ওবায়েদ।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, নতুন করে মন্ত্রণালয় বণ্টনের বিষয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। সেদিন প্রধানমন্ত্রীসহ ৪৮ মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় ৫ এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জন বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নতুন মুখ আসায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন