সংকটে নাজেহাল, তিতাসের পাইপ ফেটে বেরুচ্ছে গ্যাস

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কাটিয়াদীতের তিতাস গ্যাস সঞ্চালন লাইন থেকে গ্যাস বেরুচ্ছে। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের আন্তঃজেলা সঞ্চালন পাইপের ছিদ্র দিয়ে বের হচ্ছে গ্যাস। সম্প্রতি বৃষ্টিতে নদীর পানি বেড়ে পাইপটি তলিয়ে গেলে বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে স্থানীয় একটি চুন কারখানার অবৈধ সংযোগের চেষ্টায় পাইপ ফেটে যায় বলে। এই বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও, তারা কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিন দেখা যায়, তিতাস গ্যাসের আন্তঃজেলা সঞ্চালন পাইপ নরসিংদী থেকে কটিয়াদীর মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর পাড় দিয়ে কিশোরগঞ্জ শহরে পৌঁছেছে। মসূয়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর পাড়ে ঝোপঝাড় পূর্ণ স্থানে গড়ে তোলা হয়েছে পাথর-চুনা তৈরির কারখানা।

লোকালয় থেকে দূরে ফসলি জমি ও ঝোপঝাড় থাকায় লোকজন সাধারণত সেখানে যায় না। তবে বর্ষায় নদীর পানি বেড়ে পাইপটি তলিয়ে যাওয়ায় সেখানে সারাক্ষণ বুঁদ বুঁদ উঠছে। এটি দেখতে সেখানে ভিড় করছেন মানুষ।

বছরখানেক আগে নদীর পাড়ে চুন তৈরির কারখানা দেন সুনামগঞ্জের ছাতকের বাজনা মহল এলাকার দেলোয়ার হোসেন তালুকদার। জুনের শুরুতে কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিতে গিয়ে পাইপে ছিদ্র দেখা দেয়। এরপর থেকে ক্ষতিগ্রস্ত গ্যাসলাইন উন্মুক্ত পড়ে রয়েছে। বিষয়টি প্রথমে কারও চোখে পড়েনি। তবে সম্প্রতি বৃষ্টিতে নদীর পানি বেড়ে পাইপটি তলিয়ে গ্যাসে বুদবুদে বিষয়টি সবার নজরে আসে।

স্থানীয় বাসিন্দা রবিন মিয়া বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে গ্যাস সংকট চলছে। অথচ এখানে রাষ্ট্রীয় সম্পদ দুই মাস ধরে নষ্ট হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করছি।

আরেক বাসিন্দা মাহফুজ মিয়া বলেন, স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় অবৈধভাবে গ্যাস সংযোগের চেষ্টা করেন চুন কারখানার মালিক। বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর সঙ্গে গ্যাস কর্তৃপক্ষের লোকজনও জড়িত বলে তার সন্দেহ।

অভিযোগের বিষয়ে কারখানা মালিক দেলোয়ার হোসেন তালুকদারের নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

কিশোরগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ময়মনসিংহ অফিস এই আন্তঃজেলা সংযোগ পাইপের দায়িত্বে। নদীতে পানি বেশি থাকায় পাইপের ছিদ্র মেরামতে অসুবিধা হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে কাজ শেষ হবে। গ্যাস পাইপে কীভাবে ছিদ্র হলো, খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত