
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) লাহোরে তাকে আটক করা হয়। এর আগে লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেন।
লাহোরের ডিসি মুহাম্মদ আলী ইজাজ ২০ সেপ্টেম্বর পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের আওতায় আলিমা খান ও মুহাম্মদ আমির নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, তাদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে অন্তরিন রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে এ আদেশের বিরুদ্ধে প্রাদেশিক সরকারের কাছে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
ডিসির আদেশে পুলিশের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, আলিমা ও আমির ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর’। ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর বিক্ষোভ ও সড়ক অবরোধে তাদের সম্পৃক্ততার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের অভিযোগ, তারা পিটিআই কর্মীদের সরকারি ও বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
আলিমার আটকের পরপরই পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এই সিদ্ধান্তের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার মুক্তি দাবি করে পিটিআই চেয়ারম্যান বলেন, পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং দলটি সাংবিধানিক ও রাজনৈতিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়। তার ভাষ্য, এমপিওতে আলিমাকে আটক করা উত্তেজনা বাড়াতে পারে।
আলিমার ছেলে শাহরেজ খান সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বাড়ি থেকে বের হওয়ার পর তার মাকে আটক করা হয়েছে। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি। শাহরেজের দাবি, লাহোরের সব মামলায় আলিমা জামিনে ছিলেন।
আলিমার আটককে কেন্দ্র করে পিটিআই ও বিরোধী জোট তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি) সরকারের কঠোর সমালোচনা করেছে। তারা আলিমাসহ আটক সব রাজনৈতিক কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদমুখী বিক্ষোভ ও পদযাত্রার ঘোষণা দিয়েছে পিটিআই। ওই কর্মসূচিকে সামনে রেখে পাঞ্জাবে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড়ের খবর পাওয়া যাচ্ছে। ইসলামাবাদেও কয়েকজন পিটিআই কর্মীকে আটক করা হয়েছে।
সরকার জানিয়েছে, তারা ইসলামাবাদে পিটিআইয়ের পদযাত্রা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরই মধ্যে রাজধানীর প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিতে শত শত কনটেইনার রাখা হয়েছে।
.png)
-3f0d26.jpeg)





