পার্কিং নিয়ে বিতণ্ডা, এলোপাতাড়ি গুলি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রাইভেটকার পার্কিং নিয়ে বাকবিতাণ্ডের জেরে এলোপাতাড়ি গুলি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুরের ভাঙ্গায় প্রাইভেটকার পার্কিং নিয়ে বিতণ্ডের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী হাচান আমিন জানান, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়কের ওপর গাড়িটি রেখে এক যুবক ও তার সঙ্গী চা খেতে নামেন। টিপু খানসহ স্থানীয় কয়েকজন তাদের গাড়িটি পাশে সরিয়ে রাখার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে ওই যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। এ সময় তাঁকে গালাগাল করতে শোনা যায়। তবে প্রাথমিকভাবে গুলি ছোড়া ওই যুবকের নাম-পরিচয় এবং প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর জানা যায়নি।

টিপু খান জানান, সড়কের ওপর প্রাইভেটকার আড়াআড়ি পার্ক করে রাখার প্রতিবাদ করায় গাড়িতে থাকা এক যুবকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক গাড়ি থেকে পিস্তল বের করে গুলি ছোড়েন। টিপু দ্রুত সরে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি।

তিনি আরও জানান, ওই যুবক অসংলগ্ন আচরণ করছিলেন। তিনি একের পর এক সিগারেট খাচ্ছিলেন এবং গালাগাল করছিলেন। গুলি ছোড়ার পর তিনি প্রাইভেটকার নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

টিপু বলেন, আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে এ ঘটনায় আমি থানায় অভিযোগ করব।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

পার্কিং নিয়ে বিতণ্ডা, এলোপাতাড়ি গুলি