মিরপুরে ফাঁকা বাসায় চুরি, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা
স্ট্রিম ডেস্ক

রাজধানীর মিরপুর অরিজিন্যাল-১০ এলাকায় একটি ফাঁকা বাসায় ঢুকে স্বর্ণালংকার, রূপার গয়না ও নগদ টাকা চুরি করেছে এক ব্যক্তি। চুরির পুরো ঘটনা বাসার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। শুক্রবার দিবাগত রাতে (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
বাসার মালিক জানান, জরুরি কাজে তিনি বাইরে ছিলেন। বাসায় কেউ না থাকার সুযোগে চোর বাসায় ঢুকে চুরি করে। এ সময় ৯ ভরি স্বর্ণালংকার, রূপার গয়না ও নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১৭ মিনিটে এক ব্যক্তি বাসার মূল ফটকের পাশের দেয়াল টপকে ভেতরে ঢোকেন। এরপর তিনি মূল ভবনের কেচিগেটের পাশে থাকা ছোট একটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে বাসার মূল দরজার তালাও অল্প সময়ের মধ্যে খুলে ফেলেন তিনি। ঘরে ঢুকে স্বর্ণ ও রূপার গয়না এবং নগদ টাকা নিয়ে দ্রুত বেরিয়ে যান।
চুরির খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
.png)






