আবহাওয়ার রূপবদল/তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, আসতে পারে ঘূর্ণিঝড়ও

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

আশ্বিনের শুরুতে মিশ্র রূপ ধারণ করেছে দেশের আবহাওয়া। ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সবচেয়ে বড় খবর হলো, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ওপর মৌসুমি বায়ু এখন কম সক্রিয়। বৃষ্টিপাত কমে যাওয়ায় গরম বেড়েছে। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশালের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নেত্রকোনা ও লক্ষ্মীপুরের রামগতিতে।

তাপপ্রবাহের মধ্যেই কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিন পর থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ঘূর্ণিঝড় আসছে কি?

সবার নজর এখন বঙ্গোপসাগরের দিকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতীয় বেসরকারি আবহাওয়া সংস্থা ‘স্কাইমেট’-এর পূর্বাভাস বলছে, থাইল্যান্ড ও মিয়ানমার উপকূলে থাকা একটি ঘূর্ণাবর্ত (ঘূর্ণায়মান বায়ু) উত্তর আন্দামান সাগরের দিকে এগোচ্ছে। আগামী মঙ্গলবারের (২২ সেপ্টেম্বর) মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

স্কাইমেট জানিয়েছে, নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের দেওয়া।

ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে বা কোন উপকূলে আঘাত হানবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পাশাপাশি বাংলাদেশকেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত