মোটরসাইকেলে ফেলে যাওয়ার ৪ দিন পর মৃত্যু, ধর্ষণের অভিযোগ
স্ট্রিম সংবাদদাতাকুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে এক তরুণীকে ফেলে যাওয়ার ৪ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তাকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া হয়। তবে হাসপাতালের নথিপত্রে এই তরুণীর মৃত্যুর কারণ লেখা আছে মাথায় আঘাত।
ওই তরুণীর বাড়ি ভেড়ামারা উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে মারা যান। পরে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়।
ওই তরুণীর ভাই জানান, একই এলাকার বখতার আলী নামের এক ব্যক্তির সঙ্গে তার বোনের বিয়ে হয়েছিল। চারমাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বখতার আলীকে আটক করেছে।
তিনি আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাসেল নামের এক যুবক গোলাপনগর গ্রাম থেকে তার বোনকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে রাত আটটার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বকশীপাড়া গ্রামে অচেতন অবস্থায় তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া হয়। এতে তিনি মাথায় আঘাত পান। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও বলেন, হাসপাতালে শুধু মাথায় আঘাতের চিকিৎসা হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি জানিয়ে হাসপাতালে তারা এই পরীক্ষা করার অনুরোধ জানিয়েছিলেন। তবে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা বলেছিলেন, এই ওয়ার্ডে ধর্ষণের পরীক্ষা করার উপায় নেই। ওয়ার্ড বদলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) দিতে হবে। সেখানে পরীক্ষা হবে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বিষয়টি তিনি এখনো জানেন না। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন। ময়নাতদন্তে প্রাথমিকভাবে সংঘবদ্ধ ধর্ষণের আলামত পাওয়া গেছে কিনা তা জানতে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিনকে ফোন করা হলেও তিনি ধরেননি। তাই তার সঙ্গে কথা বলা যায়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে। তারা সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি বলছেন। কিন্তু পুলিশ এ বিষয়টি নিশ্চিত হতে পারেনি। পুলিশের প্রয়োজনীয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে।
ওসি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীর সাবেক স্বামী বখতার আলীকে আটক করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার ব্যাপারে তিনি কোন স্বীকারোক্তি দেননি।
.png)






