মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। ছবি: সংগৃহীত
রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১০ম গ্রেডের ৬১০টি শূন্য পদের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুরের কাচারী বাজার এলাকায় মাউশির আঞ্চলিক কার্যালয়ের সামনে শতাধিক প্রার্থী এই কর্মসূচিতে অংশ নেন। পরে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেন।

চাকরিপ্রার্থীরা জানান, ২০২০ সালের ২২ অক্টোবর মাউশি ৪ হাজার ৩২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তবে একই বিজ্ঞপ্তির আওতায় ১০ম গ্রেডের চারটি ক্যাটাগরির ৬১০টি শূন্য পদের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।

এই ৬১০ পদের মধ্যে প্রদর্শক ৫১৪টি, গবেষণা সহকারী ২১টি, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ৬৯টি এবং ল্যাবরেটরি সহকারী ছয়টি পদ রয়েছে। এসব পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ২০২৪ সালের ২৫ এপ্রিল। এরপর গত ৪ মে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৬ জুন শেষ হয়।

প্রার্থীদের অভিযোগ, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। একই বিজ্ঞপ্তির অধিকাংশ পদের নিয়োগ শেষ হলেও এসব পদে ফল আটকে থাকায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ইতিমধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সও শেষ হয়ে গেছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী লিটন কুমার বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অদৃশ্য কারণে নিয়োগ পরীক্ষার ফল আটকে আছে। এর ফলে পরীক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছেন।

মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, পরীক্ষার্থীরা কার্যালয়ে এসে তাঁদের দাবি লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের জানিয়ে দেওয়া হবে।

স্মারকলিপিতে দ্রুত ৬১০টি পদের চূড়ান্ত ফল প্রকাশ, ফল প্রকাশের পর নিয়োগসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ করা, নিয়োগের অগ্রগতি সম্পর্কে প্রার্থীদের তথ্য দেওয়া এবং দীর্ঘসূত্রতার কারণ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত