ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবলসহ গ্রেপ্তার ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪১
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল জাকির হোসেন। ছবি: সংগৃহীত
ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল জাকির হোসেন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) করা মামলায় রাতেই পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও ব্যবসায়ীর দুলাভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বাড়ি থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।

গত ৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুমের দাবি, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর কাছে দেওয়ার জন্য প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ পাঠানো হয়েছিল। সেটি নিয়ে যাচ্ছিল নিঝুমের ভগ্নিপতি মোহাম্মদ আলী।

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণের চালানটি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে মোহাম্মদ আলী ঘটনাস্থলে গেলে সেখানে পুলিশ কনস্টেবল জাকির হোসেনসহ আরও দুজন উপস্থিত হন। পুলিশ পরিচয়ে তারা স্বর্ণের চালানটি নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ব্যবসায়ী নিঝুম। মামলায় কনস্টেবল জাকিরসহ আরও দুজনের নাম এবং একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানিয়েছেন, বাকি স্বর্ণ কনস্টেবল জাকির হোসেনের কাছে রয়েছে। তিনিই জাকিরকে স্বর্ণের চালান সম্পর্কে জানিয়েছিলেন। পরে জাকির ঘটনাস্থলে এসে স্বর্ণ নিয়ে যান এবং তারা ৪০ ভরি স্বর্ণ ভাগাভাগি করেন। তবে জাকির হোসেন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, রোববার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি দল কনস্টেবল জাকিরের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত