আওয়ামী লীগকে নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ২১: ১৭
ঝিনাইদহে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
ঝিনাইদহে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত ও এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা চাইছে। তারা কি সুবিধা পাচ্ছে না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।’

তিনি বলেন, ‘সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমূখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা দিয়ে ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।’

তিনি বলেন, ‘সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা বিরোধীতা করেছে, হট্টগোল করেছে। বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর গুম হওয়া নিয়ে প্রশ্ন করছে। তারা একদিকে গুম কমিশনে গুমের ঘটনায় বিচার চাইছে, আরেক দিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটাই জামায়াতের চরিত্র।’

রাশেদ খাঁন বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। সবাই এখন বলে, যাহাই জামায়াত, তাহাই এনসিপি।’

এর আগে বিকালে রাশেদ খাঁনের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত