
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট, ভেপ (ই-সিগারেট) ও মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে। দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি আলাদা আন্তর্জাতিক ফ্লাইটের চার যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘বি-শিফট’ বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর নজরদারি জোরদার করে। অভিযান চলাকালে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী আব্দুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ব্যাগেজ তল্লাশি করে ২২৩ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার যাত্রী শেপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করা হয়।
এছাড়া, গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের দুই যাত্রীর কাছ
থেকে মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। এর মধ্যে কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি ডিসপ্লে জব্দ করা হয়। ফলে ওই ফ্লাইট থেকে মোট ১৪৪টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করা সম্ভব হয়।
একই দিনে বিভিন্ন আন্তর্জাতিক রুটে এভাবে পণ্য বহনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব চালানের নেপথ্যে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
.png)
-7c29dd-256x144.webp)





