বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোলে ফিলাডেলফিয়ার বড় জয়
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাভান সুলিভানের জোড়া গোলে সান ডিয়েগো এফসিকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা ১০ ম্যাচ অপরাজিত থাকল সুলিভানের দল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সান ডিয়েগোর ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফিলাডেলফিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডেডলক ভাঙেন মিডফিল্ডার সুলিভান। ব্যাকহিল ফ্লিকে সান ডিয়েগোর জালে বল পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুলিভান। সান ডিয়েগোর গোলরক্ষক দুরান ফেরির পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর দলের তৃতীয় গোলেও অবদান রাখেন এই তরুণ ফুটবলার। তাঁর অ্যাসিস্ট থেকে সহজেই ফিলাডেলফিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড ব্রুনো দামিয়ানি।
ম্যাচের ৮৭ মিনিটে সান ডিয়েগোর মিডফিল্ডার আনিবাল গোদয়ের আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে ৪-০ হয়। যোগ করা সময়ে নিজের প্রথম এমএলএস গোল করে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন মার্কিন ফরোয়ার্ড মালিক জাকুপোভিচ।
এই ম্যাচে জোড়া গোলের সুবাদে গত সাতটি এমএলএস ম্যাচে সুলিভানের গোলসংখ্যা দাঁড়াল পাঁচে এবং অ্যাসিস্টসংখ্যা ছয়ে। এই জয়ে ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে নিজেদের অবস্থান ধরে রাখল ফিলাডেলফিয়া।
.png)
-7c29dd-256x144.webp)





