হামলাকারীদের বাঁধন, দলকানা হয়েন না, সাফার করবে পরিবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের বর্বরতা বন্ধের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ভেনিসে আমাকে আক্রমণ করে নিজেরাই সমস্যার মধ্যে পড়েছে। গায়ে হাত তুলে মনে করছে পার পেয়ে যাবে। তারা আমাদের না, নিজের জায়গা অনিরাপদ করছে।

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ফিরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন বাঁধন। এ সময় তাঁর বাবা প্রকৌশলী আমিনুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

প্রবাসীদের দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, ‘আপনার পরিবার সাফার করবে। কিন্তু দলের যে বড় বড় নেতা আছেন, যারা আপনাদের অডিও-ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছেন, তাদের জীবন কিন্তু আপনাদের মতো না। মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।’

গত ৭ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধন অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর সৈনিক পরিচয়দানকারী কয়েকজন তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন।

ঘটনার বিস্তারিত তুলে ধরে বাঁধন বেশ কিছু ভিডিও ফেসবুকে দেন। এতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে ও ধস্তাধস্তি করতে দেখা যায়। এ সময় বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেওয়া হয়।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দেন বাঁধন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাঁকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। দেশে ফিরে বাঁধন ইতালির পুলিশের ভূমিকা তুলে ধরে বলেন, ‘আমাকে ২৪ ঘণ্টা সুরক্ষা দেওয়া হয়েছে। তারা সব সময় লবিতে থাকত। আমি যে জায়গায় যেতাম, সেখানে সঙ্গে সঙ্গে থাকত। ৮ সেপ্টেম্বর আমি পুলিশ ফাইল করেছি। তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে।’

গত সপ্তাহে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান বাঁধন। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার জিতেছে।

হামলাকারীদের উদ্দেশ্যে বাঁধন বলেন, ‘আপনারা দলকে ভালোবেসে এমন করছেন। কিন্তু আপনাদের পরিবার যখন কষ্ট করবে, দলের নেতারা কিন্তু এটা দেখবে না। তারা আরামে আছে, ভিডিও বার্তা দিচ্ছে।’

তিনি বলেন, ‘যারা আক্রমণ চালাচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। তারা আমার গায়ে হাত তুলে নিজেদের অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের সম্মান ক্ষুণ্ন হলো।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত