মুজিববর্ষে ৯৮৩ কোটি ব্যয়, হাসিনার এক বছরের খাবার বিল ৩৫ কোটি: অর্থমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১: ০৮
সংসদে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ‘মুজিববর্ষ’ উদযাপনে সরকারি কোষাগার থেকে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার এক বছরের খাবারের পেছনে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছিল।

আজ রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, বিগত সরকারের আমলে ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি, ব্রোঞ্জ, তামা ও মার্বেলের ভাস্কর্য নির্মাণ এবং সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনে সরকারের কত অর্থ ব্যয় হয়েছে। এই ব্যয়ের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ’ পালন এবং শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি ও ভাস্কর্য নির্মাণসহ আনুষঙ্গিক বিভিন্ন কাজে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে।

পরে সম্পূরক প্রশ্নে ওই ব্যয়ের বিষয়ে কোনো নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে কি না, তা জানতে চান সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকার বিগত সময়ের বিভিন্ন ব্যয়ের হিসাব পর্যালোচনা করছে।

এ সময় তিনি বলেন, ‘এটি তো শুধু "মুজিববর্ষ"। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।’

অর্থমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের বিষয়গুলো পর্যায়ক্রমে ‘স্টক টেকিং’ বা পর্যালোচনা করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে পর্যালোচনার অংশ হিসেবে এসব তথ্য সংসদে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত