শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
স্ট্রিম প্রতিবেদকঢাকা

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনের নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে জাহাজগুলো বন্দরে নোঙর করে। বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্দর জলসীমায় পৌঁছানোর পর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ অতিথি জাহাজগুলোকে অভ্যর্থনা জানায়। পরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রবাসী নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এই পাঁচ দিনের অবস্থানকালে চীনা জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার-চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার-বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রতিনিধি দলটি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি, জাহাজ এবং চট্টগ্রামের দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন।
এই সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সুসম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
.png)


-40e58c.jpeg)



