মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ নয়, ভিডিওটি খেলনা বন্দুকের বিজ্ঞাপন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিমের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি কোনো মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণের দৃশ্য নয়। স্ট্রিম গ্রাফিক

ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের ডামি বা নকল AK-47 দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভিডিওটিতে একটি কক্ষে এক ব্যক্তিকে রাইফেলের মতো দেখতে একটি বস্তু হাতে সেটির বিভিন্ন অংশ দেখাতে দেখা যায়। তার পাশে হেলমেট পরিহিত আরেক ব্যক্তির হাতেও একটি রাইফেল দেখা যায়।

তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি কোনো মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণের দৃশ্য নয়। এটি ‘Badhon's World’ নামের একটি খেলনা ও গ্যাজেট বিক্রয়কারী প্রতিষ্ঠানের টয় গান বা খেলনা বন্দুকের প্রচারণামূলক ভিডিও। মূল ভিডিওর অডিও পরিবর্তন করে বিভ্রান্তিকর দাবিতে সেটি ফেসবুকে ছড়ানো হচ্ছে।

মূল ভিডিওর সন্ধান

স্ট্রিমের অনুসন্ধান করে Badhon's World নামের ফেসবুক পেজটি পাওয়া যায়। পেজটিতে গত ১০ আগস্ট একই ভিডিও পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা ছিল, ‘প্রিমিয়াম কোয়ালিটির গান।’

মূল ভিডিওতে মাদ্রাসা কিংবা কোনো ধরনের অস্ত্র প্রশিক্ষণের কথা বলা হয়নি। বরং একজন বিক্রেতাকে পণ্যটির বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলতে শোনা যায়।

ভিডিওতে তিনি বলেন, এটি Badhon's World-এর ‘সবচেয়ে ভাইরাল এবং সবথেকে হেভি গানগুলোর’ একটি AK-47। তিনি পণ্যটির সিঙ্গেল ও মাল্টিপল ফায়ার মোড, ম্যাগাজিন, স্কোপ এবং ফায়ারিং ব্যবস্থা দেখান।

ভিডিওতে আরও বলা হয়, বন্দুকটিতে জেল বুলেট ব্যবহার করা হয়। বিক্রেতার ভাষ্য অনুযায়ী, এটি মুভির শুটিং, নিশানা অনুশীলন বা বন্ধুদের সঙ্গে ফায়ারিং গেম খেলার মতো কাজে ব্যবহার করা যেতে পারে।

একই কক্ষে অন্য পণ্যের বিজ্ঞাপন

Badhon's World পেজটি ঘুরে একই কক্ষে ধারণ করা অন্যান্য পণ্যের বিজ্ঞাপনও পাওয়া যায়। উদাহরণ হিসেবে, ১০ আগস্ট একই কক্ষে ধারণ করা একটি ক্যামেরার বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করা হয়েছিল।

মূলত কক্ষটি কোনো মাদ্রাসার প্রশিক্ষণকক্ষ নয়; প্রতিষ্ঠানটির পণ্য প্রদর্শন ও বিজ্ঞাপনের ভিডিও ধারণের স্থান।

বিষয়টি নিয়ে স্ট্রিমের পক্ষ থেকে ‘Badhon's World’-এর সঙ্গে যোগাযোগ করা হয়।

প্রতিষ্ঠানটির মালিক বাঁধন স্ট্রিমকে জানান, আলোচিত ভিডিওটি তাদের নতুন অফিসে ধারণ করা হয়েছিল। অফিসটি ঢাকার দক্ষিণ মুগদায় অবস্থিত। ভিডিওতে হেলমেট পরিহিত ব্যক্তি তাদের প্রতিষ্ঠানের কর্মী।

তিনি বলেন, তারা মোটরসাইকেলে করে অফিসে আসার পর ভিডিওটি ধারণ করেন এবং তিনি সাধারণত তার অ্যাকশন ক্যামেরায় ধারণ করা ‘র’ (Raw) ভিডিও সরাসরি ফেসবুকে আপলোড করেন। আলোচিত ভিডিওটিও সেভাবেই পোস্ট করা হয়েছিল।

অডিও পরিবর্তন করে বিভ্রান্তিকর প্রচার

পোস্টগুলোতে ব্যবহৃত বক্তব্য মূল ভিডিওর বক্তব্য নয়। Badhon's World-এর মূল ভিডিওতে পণ্যটির বৈশিষ্ট্য, জেল বুলেট, স্কোপ ও ব্যবহার নিয়ে কথা বলা হয়েছে। পরবর্তী সময়ে ভিডিওটির ওপর ভিন্ন অডিও বা ভয়েসওভার যুক্ত করে সেটিকে মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অর্থাৎ ভিডিওটি বাস্তব হলেও এর সঙ্গে জুড়ে দেওয়া ‘মাদ্রাসার ভেতরে শিক্ষার্থীদের AK-47 দিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে’—এই প্রেক্ষাপটটি সঠিক নয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত