স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২০: ০৫
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের বৈঠক। ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২৫ জুন) মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই বৈঠক হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুদেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে অদূর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭-৮ জুলাই লন্ডনে হতে যাওয়া দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় দুটি চুক্তি সই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালে সই হওয়া এসওপির আওতায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ‘ইউকে লেটারের’ প্রস্তাব ইতিবাচকভাবে পরীক্ষা হচ্ছে বলেও জানান।

বৈঠকে পুলিশ রেফারেল প্রোগ্রাম, পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার এবং অভিবাসন অপরাধ দমনে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ।

এছাড়া রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য মন্ত্রী ধন্যবাদ জানান।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত