রাবি ছাত্রদলের সেই হাসিব ধরা ‘ট্যাপেন্টাডল’ নিয়ে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯: ৪৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মাদকসহ আটক হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাঁকে আটকের কথা জানিয়েছেন মতিহার থানার ওসি গোলাম কবির।

তিনি বলেন, এসআই রিপন কুমার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ নামের মাদকসহ হাসিবকে আটক করেন। তাঁকে থানায় হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাসিব নানা কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে বিতর্কিত। নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে চাঁদাবাজির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৯ অক্টোবর তাঁকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদল। এরপর ২০২৫ সালের ২৫ জুন হাসিবের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ করেন এক শিক্ষার্থী। ক্যাম্পাসে ছাত্রীসহ কয়েকজনকে আটকে চাঁদা দাবির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে এসব ঘটনায় সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ২০২৫ সালে হাসিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল।

গত ২২ এপ্রিল বহিরাগতদের নিয়ে আবু হাসান নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছিল হাসিবের বিরুদ্ধে। এসব সংবাদ প্রকাশের জেরে গত ১১ জুলাই মতিহার থানায় মামলা করেন হাসিব। মামলায় তিনি দাবি করেন, হেয়প্রতিপন্ন ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক ও রাবি প্রতিনিধি, সকালের বুলেটিনের সম্পাদক, এনটিভি অনলাইনের সম্পাদক এবং ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগকারী শিক্ষার্থী হাসানকে আসামি করা হয়।

নতুন করে মাদকসহ আটকের বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা এখনো বিস্তারিত জানি না। মাদকের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স। হাসিবের বিষয়ে আমরা আগে সত্যতা যাচাই করব। তিনি মাদকাসক্ত হলে শুধু শাস্তির দৃষ্টিতে না দেখে পুনর্বাসনের সুযোগ দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, আমরা হাসিবের স্বাভাবিক জীবন, পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ে তুলতে সহযোগিতা করব। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সত্যতা যাচাইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। দেশের প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও যথাযথ ব্যবস্থা নেবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাবি ছাত্রদলের সেই হাসিব ধরা ‘ট্যাপেন্টাডল’ নিয়ে