পর্যটন স্পট দেবতাখুম খুলল চার শর্তে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বান্দরবান

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২০: ৫০
দেবতাখুম পর্যটন স্পট। সংগৃহীত ছবি
দেবতাখুম পর্যটন স্পট। সংগৃহীত ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম আজ মঙ্গলবার (২১ জুলাই) থেকে আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সেখানে ভ্রমণে যেতে হলে চার শর্ত মানতে হবে।

গতকাল সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে বান্দরবান জেলার নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বেড়ে বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুমে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় আজ মঙ্গলবার থেকে শর্তসাপেক্ষে পর্যটনকেন্দ্রটি আবার উন্মুক্ত করা হয়েছে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পর্যটক বহনকারী কোনো মোটরসাইকেল, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত গাড়ি কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সব যানবাহন কচ্ছপতলী বাজারে রেখে সেখান থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে অথবা নৌপথে যেতে হবে।

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি পর্যটকদের নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজন অনুযায়ী পূর্বঘোষণা ছাড়াই দেবতাখুমে পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করতে পারবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত