মুন্সিগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চারজন নিহত, আহত ৫

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মুন্সিগঞ্জ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনার পর উল্টে যায় যাত্রীবাহী বাসটি। স্ট্রিম ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনার পর উল্টে যায় যাত্রীবাহী বাসটি। স্ট্রিম ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়কের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারের চালক মো. সোহেল (৩০)। তাঁদের সবার বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মো. সোহেল ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহন লিমিটেডের একটি বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছে। এ সময় সেখানে একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এতে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহীরা ভেতরে আটকা পড়েন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে স্থানীয়রা গিয়ে গাড়ি দুটির হতাহতদের উদ্ধার করেন। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত চার বাসযাত্রীর আঘাত গুরুতর নয়।

ওসি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত