লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শুভর লাশ ১৭৭ দিন পর দেশে
স্ট্রিম সংবাদদাতাসাতক্ষীরা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শুভ দাসের মরদেহ ১১৭ দিন পর পরিবারের কাছে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছায়।
শেষবারের মতো শুভকে দেখতে বাড়িতে ছুটে আসেন গ্রামের মানুষ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
শনিবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভর মরদেহ গ্রহণ করেন তার ভাই। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভর শেষকৃত্য সম্পন্নে দুই দফায় ৮৫ হাজার টাকা পরিবারের কাছে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
গত ১১ মে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। একই হামলায় সাতক্ষীরার আরও দুই প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামও নিহত হন।
শুভর বাবা সুরঞ্জন দাস বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ছেলের মরা দেহ ফিরে পেয়ে অন্তত শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ টা পেয়েছি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, শুভ দাসের পরিবারের হাতে ইতোমধ্যে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। চলতি মাসে ৩ লাখ টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে জীবনবিমার আওতায় আরও আর্থিক অনুদান দেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, শুভর পরিবারের সরকারি সকল সুবিধা পেতে প্রশাসন উদ্যোগ নিবে।
.png)






