বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সরকার বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারপরও কেন জামিন দেওয়া হলো—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আদালতের বিষয়ে পুরো বিষয়টি না জেনে আমি মন্তব্য দিতে চাই না। কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটাই আমাদের সন্দেহ।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজীরের ইস্যুতে আমি গতকালই কথা বলেছি, বিকেলের দিকে। আমি রাজশাহীতে ছিলাম, ওখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। আমি তার জামিনের বিষয়ে জানতে পেরেছি গতকাল। ইউএই আদালত তাকে শর্তসাপেক্ষে বেইল (জামিন) দিয়েছে, যাতে তিনি ইউএই ছাড়তে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন—এই শর্তে।’

তিনি বলেন, ‘আমরা বিষয়টি জানার পর আমাদের নিয়োজিত ল ফার্মকে বিষয়টি জানিয়েছি। আর ইউএই অ্যাম্বাসেডরের সঙ্গে আমাদের সচিব কথা বলেছেন। কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত তো একটি শুনেছি, অন্যান্য শর্ত কী আছে, সেটার সার্টিফায়েড কপি তোলার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে, তাদের কাছে প্রত্যাবাসনের জন্য যে কাগজপত্র আমরা পাঠাই, সেগুলো ওখানকার আদালতে জমা দেওয়ার জন্য আমরা সেই ল ফার্মকে অনুরোধ করেছি, যেন তারা অবিলম্বে তার জামিন বাতিলের ব্যবস্থা করে এবং আদালতের নির্দেশনা নেয়।’

এদিকে, রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রথযাত্রা এবং উল্টো রথযাত্রা—দুটো অনুষ্ঠান নিরাপদ করতে আমরা সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো খুব সমন্বিতভাবে কাজ করেছে। কোনো অসুবিধা হয়নি এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের দিকে, মতিঝিল এলাকায় একটি মেট্রোরেলের পিলারের নিচে একটি ছাতার মধ্যে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। আমাদের আনসারের দুই সদস্য এটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রাখে এবং পরে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি সরিয়ে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।’

মন্ত্রী আরও বলেন, ‘এতে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো পক্ষ হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কিছু করার চেষ্টা করেছিল। আমরা বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছি এবং এর পেছনে কারা আছে, তা উদ্ঘাটনের জন্য তদন্ত পরিচালনা করছি।’

আশুলিয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘এরপর আশুলিয়াতেও একই ধরনের আরেকটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। একজন দুষ্কৃতকারী একটি ব্যাগ রেখে যায়। পরে সেটিও একই কায়দায় উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত চলছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত