
নোয়াখালীর সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এই ঘটনায় ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সম্প্রতি উপজেলার বাতানিয়া গ্রামের বাসিন্দা ও চট্টগ্রামের আওয়ামী সমর্থক সিঅ্যান্ডএফ এজেন্ট শাহজাহান খোকনের বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
দায়িত্বপ্রাপ্ত ওসি হযরত আলী মিলন বলেন, প্রত্যাহারের পর শনিবার সন্ধ্যায় আবদুর রহিম চলে গেছেন। তবে কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, তা আমি জানি না।
তিনি জানান, বটতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় অন্তত ৩৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
.png)






